কুড়িগ্রামে মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক আটক

আটককৃত যুবক-মাইদুল ইসলাম মানিক । প্রাইম টিভি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উমরমজিদ ইউনিয়নের নওদাবস বড়বাড়ি গ্রামের বকশা মিয়ার ছেলে মাইদুল ইসলাম মানিক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে আপত্তিকর পোস্ট করেন।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।
পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয়রা রাজারহাট থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মাইদুল ইসলাম মানিককে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (২২ মে) তাকে আটক করা হয়।
অভিযোগ রয়েছে, ওই পোস্টের পর এলাকায় উত্তেজনা তৈরি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেয়া হয়।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ বলেন, ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




