জলাবদ্ধতা ও মশা নিয়ন্ত্রণে রাজনৈতিক ঐক্যের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম । প্রাইমটিভি
রাজধানীর জলাবদ্ধতা ও মশা নির্মূলে সব রাজনৈতিক দল ও নগরবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
শনিবার ( ২৩ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশের আয়োজনে ‘ঢাকায় বৃষ্টি ভোগায় কেন?’ শীর্ষক নগর সংলাপে তিনি বলেন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যের মাধ্যমে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করতে হবে।
তিনি জানান, রাজধানীর প্রায় ৯৯ শতাংশ মশার জন্ম হয় জলাবদ্ধতা থেকে। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা নিরসন পরিকল্পনার ওপর জোর দেন তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, জনগণ ও সিটি করপোরেশন সমানভাবে দায়িত্ব পালন করলে শতভাগ সফলতা অর্জন সম্ভব। একই সঙ্গে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাসাবাড়ির ছাদ, পরিত্যক্ত পাত্র কিংবা জমে থাকা পানিতেই মশার লার্ভা তৈরি হচ্ছে।
আব্দুস সালাম জানান, ঢাকা দক্ষিণ সিটিতে প্রথমবারের মতো প্রাক-বর্ষা লার্ভা নিধন কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জরিপ ও নমুনা সংগ্রহ করছেন।
নগর সংলাপে তিনি রাজধানীর জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত নগরায়ণ, খাল ভরাট এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করেন। ধোলাইখালসহ বিভিন্ন খাল বক্স কালভার্টে রূপান্তরের সমালোচনাও করেন তিনি।
এ সময় রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা ও হকার নিয়ন্ত্রণে নিবন্ধন বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান ডিএসসিসি প্রশাসক। পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনে ‘হলিডে মার্কেট’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সংলাপে আরও বক্তব্য দেন রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সহ-সভাপতি শেখ মুহম্মদ মেহেদী আহসান, ঢাকা ওয়াসার সাবেক এমডি একেএম শহিদ উদ্দিনসহ নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা।
এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, বেজমেন্ট ও পার্কিং এলাকায় জমে থাকা পানিতে ৬৪ শতাংশ মশার জন্ম হয়। তাই নগর ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণ সম্ভব নয়।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




