আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে ১২ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

ডিএসসিসি প্রশাসক বলেন, “প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যেন কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

তিনি জানান, নগরবাসীর সুবিধার্থে লাখ লাখ বস্তা বিতরণ করা হয়েছে, যাতে কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা যায়। পাশাপাশি জনগণকে ড্রেন বা যত্রতত্র বর্জ্য না ফেলার আহ্বানও জানান তিনি।

ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, রাজধানীতে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর কাজ ধাপে ধাপে এগিয়ে চলছে। ইতোমধ্যে নির্ধারিত কাজের প্রায় এক-তৃতীয়াংশ সম্পন্ন হয়েছে। ঈদের ছুটির পর আবারও কাজ শুরু হবে এবং আগামী এক থেকে দুই মাসের মধ্যে অধিকাংশ এলাকায় সিগন্যাল ব্যবস্থা চালুর চেষ্টা করা হবে।

তিনি বলেন, নগরীতে মোট ২২টি পয়েন্টে অটো ট্রাফিক সিগন্যাল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর সুফলও পাওয়া যাচ্ছে। তবে যানজট পুরোপুরি নিরসনে রিকশা ও গণপরিবহনকে সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনার প্রয়োজন রয়েছে।

ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, অনেক স্থান থেকে হকার উচ্ছেদ করা হয়েছে। ঈদের পর বাকি এলাকাগুলোতেও অভিযান চালানো হবে।

ডিএসসিসি প্রশাসক আরও জানান, প্রধানমন্ত্রী শুধু ঢাকার নয়, সারাদেশের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন নিয়েও কাজ করছেন। বিশেষ করে গাবতলী থেকে পোস্তগোলা পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পে তিনি আগ্রহ দেখিয়েছেন এবং ঈদের পর প্রকল্প এলাকা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, এ সড়কের কাজ দ্রুত শেষ হলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গমুখী যানবাহনকে আর রাজধানীর ভেতর দিয়ে চলাচল করতে হবে না। এতে ঢাকার যানজট অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রাইমটিভি/কেআর