চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগী কলোনীপাড়ায় ৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের অভিযানে ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ৫টি অবৈধ স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

রোববার (২৪ মে) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। অভিযানে আটক ব্যক্তির নাম বাপ্পী, বয়স ২৭। তিনি দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার পুরাতন বাজার এলাকার মরহুম আবু সিদ্দিকের ছেলে।

বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডুগডুগী কলোনীপাড়ায় টহল দল অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলযোগে সন্দেহভাজন একজন যুবক এলাকা অতিক্রম করলে তাকে থামার সংকেত দেওয়া হয়। তবে তিনি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

চুয়াডাঙ্গায় ১ কোটি ২১ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

পরে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে আনুমানিক ৬০০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা।

এছাড়া তার ব্যবহৃত ছাই রঙের হিরো স্প্লেন্ডার মোটরসাইকেলটি জব্দ করা হয়, যার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেন যে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মোটরসাইকেলসহ তাকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাইমটিভি/এনজি