জাল সনদে চাকরি নেওয়া ৪৭১ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মাউশি, ৬৩ জনকে নোটিশ

ছবিঃসংগৃহীত
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সনদ জাল বা ভুয়া হিসেবে চিহ্নিত ৪৭১ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে। এদের মধ্যে ৪০২ জন মাধ্যমিক, ৬৪ জন কলেজ এবং ৫ জন কারিগরি পর্যায়ের শিক্ষক।
প্রথম ধাপে অভিযুক্ত ৬৩ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবার, ২৩ মে, মাউশি এসব নোটিশ পাঠায়। নোটিশে বলা হয়েছে, কেন তাদের এমপিও বাতিল বা স্থগিত এবং নিয়োগ বাতিলসহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে না, তা ১০ কর্মদিবসের মধ্যে জানাতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনশিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) নিরীক্ষার মাধ্যমে এসব শিক্ষকের সনদ জাল বা ভুয়া বলে চিহ্নিত করে। পরে সংস্থাটি তালিকা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। এরপর মন্ত্রণালয় মাউশিকে ২০২৫ সালের এমপিও নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।এদের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে মাউশি। সংশ্লিষ্টদের জবাব পাওয়ার পর যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
ডিআইএ দেশের মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা, প্রশাসনিক শৃঙ্খলা এবং শিক্ষার মানোন্নয়নের জন্য নিরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম চালায়। তবে সংস্থাটির কার্যক্রম নিয়ে বিভিন্ন সময়ে নানা অভিযোগও উঠেছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




