ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা

বিএনপির শীর্ষ নেতারা । সংগৃহীত
আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করবেন সরকারের নীতিনির্ধারক এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।
রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজনৈতিক ব্যক্তিত্বদের ঈদ জামাতের এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত তথা রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন।
এছাড়া রাজধানীতে ঈদের নামাজ আদায় করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং জাতীয় সংসদের চিফ হুইপ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নামাজ আদায় করবেন রাজধানীর ধানমন্ডিতে।
অন্যদিকে, ঢাকার বাইরে নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন বেশ কয়েকজন শীর্ষ নেতা। দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় ঈদের নামাজ পড়বেন।
স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ঈদ করবেন।
এছাড়া জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভোলায় এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিজ নিজ সংসদীয় এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।
সরকারের অন্যান্য মন্ত্রী ও সংসদ সদস্যদের বড় অংশই এবার নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন বলে জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঈদের নামাজ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও কোরআন তিলাওয়াত করা হবে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




