দেশে প্রথম ২৯ কার্য দিবসে ধর্ষণ মামলায় রায়, অভিযুক্তের মৃত্যুদণ্ড

সংগৃহীত
মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় শাকিল হোসেন নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়েছে, যা দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে প্রথম।
রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই যুগান্তকারী দণ্ড ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি শাকিল হোসেন আদালতে উপস্থিত ছিল। আদালতের নির্দেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুন সকালে শিশুটির বাবা গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য সকালের খাবার নিয়ে মাঠে যাচ্ছিল ওই শিশু। এ সময় মাঠে ঘাস কাটছিল চাঁদপুর গ্রামের শাকিল হোসেন। শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে শাকিল। শাকিলের হাত থেকে ছাড়া পেয়ে কান্নাকাটি করতে করতে বাবার কাছে পৌঁছায় ওই শিশু। ওইদিনই শিশুটাকে হাসপাতালে ভর্তি এবং গাংনী থানায় শাকিল এর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে শিশুটির পিতা।
আইন অনুযায়ী ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণার নির্দেশনা থাকলেও, সাধারণত মামলাগুলো দীর্ঘায়িত হয়। তবে এই মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা করলেন আদালত।
"মেহেরপুর বিচারালয়ের ইতিহাসে এই প্রথম এত দ্রুততম সময়ে রায় ঘোষণা করা হলো। এটি বিচারপ্রার্থীদের জন্য অত্যন্ত ইতিবাচক এবং দেশের বিচার ব্যবস্থায় একটি বড় মাইলফলক।" বলে জানান, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) তুহিন অরণ্য
শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে আদালতের এই দ্রুততম সময়ের রায়কে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন আইনসংশ্লিষ্ট ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা মনে করছেন, এই রায় সমাজের অপরাধীদের জন্য একটি কঠোর বার্তা দেবে এবং দ্রুত বিচার পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের আস্থা আরও বাড়িয়ে তুলবে।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




