বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)) রাইডশেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান উবার বাংলাদেশ লিমিটেড-এর রাইডিং এনলিস্টমেন্ট সার্টিফিকেট নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, নবায়নের জন্য প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র যথাযথভাবে সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানানো হয়েছে।

গত ২১ মে ২০২৬ তারিখে বিআরটিএর রাইডশেয়ারিং শাখা থেকে উবার বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি হেড বরাবর পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, উবারের পক্ষ থেকে পাঠানো বিভিন্ন নথি পর্যালোচনা করা হলেও একাধিক নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন না করায় প্রতিষ্ঠানটির এনলিস্টমেন্ট সার্টিফিকেট নবায়ন করা সম্ভব হচ্ছে না।

নবায়নের জন্য বিআরটিএ উবারকে বেশ কিছু তথ্য ও কাগজপত্র দাখিল করতে বলেছিল। এর মধ্যে রয়েছে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইটিআইএন সার্টিফিকেট ও ভ্যাট সার্টিফিকেট, মোটরযান মালিক ও চালকের সঙ্গে সম্পাদিত ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তির তালিকা, যাত্রীর ভ্রমণ তথ্য, ভাড়ার পরিমাণ ও যাত্রা দেখার পদ্ধতির ব্যাখ্যা, অ্যাপ্লিকেশনের অনুমোদনপত্র এবং ২০২৪-২৫ অর্থবছরে মোট ট্রিপ সংখ্যা ও ওই সময়ে সরকারি কোষাগারে জমা দেওয়া ভ্যাটের পরিমাণ।

বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ নুরুল হোসেন স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়, ইমেইলে উবার যেসব বিষয় উপস্থাপন করেছে, সেগুলোর মধ্যে যৌক্তিক বিষয়গুলো বিবেচনা করা হবে। একই সঙ্গে কমিশন আদায়, ভাড়া ও বিডিং সিস্টেম বন্ধসহ বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩ মে ২০২৬ তারিখে বিআরটিএ চেয়ারম্যানের সভাপতিত্বে রাইডশেয়ারিং সেবাসংক্রান্ত এক বহুপক্ষীয় সভায় উবারসহ অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক অভিযোগ আলোচিত হয়। সভায় বিডিং সিস্টেম বন্ধ, সর্বোচ্চ ১৫ শতাংশ কমিশন নির্ধারণ, নন এয়ারকন্ডিশন যানবাহনের সেবা বন্ধ এবং ভাড়া কাঠামো পুনর্নির্ধারণসহ একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। এসব সিদ্ধান্ত ১০ মে ২০২৬ এর মধ্যে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছিল।

এ বিষয়ে পিআর প্রতিষ্ঠান বেঞ্চমার্ক পিআর এর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রাইমটিভি/এনজি