ময়মনসিংহ নগরীকে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ ও সাংস্কৃতিক সংগঠন অনসাম্বল থিয়েটার।

রোববার ( ২৪ মে) দুপুরে নগরীর সানকিপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক তাপস মজুমদার।

ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বা আইইডির আর্থিক সহযোগিতায় পরিচালিত এ উদ্যোগে কৃষ্ণচূড়া, কদম ও কাঠ-বাদামসহ বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে তাপস মজুমদার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি মানুষের অন্তত পাঁচটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো উচিত।

তিনি জনউদ্যোগ ও অনসাম্বল থিয়েটারের এমন উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন।

অনসাম্বল থিয়েটারের সভাপতি আবুল মুনসুর বলেন, সবুজ নগরী গড়ে তুলতে জনউদ্যোগ ও আইইডির সঙ্গে সমন্বয় করে নারী, পরিবেশ এবং জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে কাজ চালিয়ে যাবে তাদের সংগঠন।

কর্মসূচিতে জনউদ্যোগের সদস্য, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, যুব ও নারী ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রাইমটিভি/এনজি