প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বিএনপির সরকার দেশের সবচেয়ে ব্যবসাবান্ধব সরকার। তবে সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণের পরও যদি শিক্ষার্থীদের কাছে ঠিকমতো খাবার পৌঁছানো না যায়, তাহলে তা জনগণের সঙ্গে অন্যায় হবে।

রোববার (২৪ মে) রাজধানীর প্রাইমারি টিচার্স ট্রেইনিং ইনস্টিটিউটে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় দেশের বিভিন্ন জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) এবং মিড-ডে মিল সরবরাহকারী ঠিকাদাররা অংশ নেন।

ববি হাজ্জাজ বলেন, “আমরা সবচেয়ে ব্যবসাবান্ধব সরকার। আমরা শুধু চাই কাজগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন হোক।”

তিনি আরও বলেন, “বাজেটের মাত্র এক শতাংশ ব্যয়ে চালু হওয়া এ পাইলট প্রকল্পের মাধ্যমে শিশুদের স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে চাই। এ ক্ষেত্রে সরবরাহকারী প্রতিষ্ঠান ও সরকারকে যৌথভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সভায় শিশুদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মিড-ডে মিলে পুষ্টিকর খাবার সরবরাহের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে প্রতিটি খাবার ব্যাচ নম্বরের মাধ্যমে শনাক্ত করার ব্যবস্থা চালুর প্রস্তাবও উঠে আসে।

প্রতিমন্ত্রী জানান, মিড-ডে মিল কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের স্কুলমুখী হওয়ার প্রবণতা আরও বাড়বে।

এ সময় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তাদের কার্যক্রম ও পরিকল্পনা সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রাইমটিভি/কেআর