বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এখন থেকে পাসপোর্টে আবারও ‘Except Israel’ শব্দ যুক্ত করা হবে।”

এর মাধ্যমে ছয় বছর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া শব্দবন্ধ পুনর্বহালের উদ্যোগ নিয়েছে বর্তমান বিএনপি সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শব্দবন্ধ পুনর্বহালের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে সে সময় কূটনৈতিক পাসপোর্ট ছাড়া বড় পরিসরে তা কার্যকর হয়নি। এবার সব ধরনের পাসপোর্টে এটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে ই-পাসপোর্ট পরিষেবা চালু করা হয়। তখনই পাসপোর্ট থেকে ‘ইসরাইল ব্যতীত’ শব্দবন্ধ বাদ দেওয়া হয়। এর আগে বাংলাদেশি পাসপোর্টে লেখা থাকত— “এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরাইল ছাড়া।”

পরে বিভিন্ন মহল থেকে ই-পাসপোর্টে আবারও এ শব্দবন্ধ যুক্ত করার দাবি ওঠে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর সূত্রে জানা যায়, নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শব্দবন্ধ যুক্ত করা হবে। তবে বর্তমানে ব্যবহৃত পুরোনো পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না। মেয়াদ শেষে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট দেওয়া হবে।

প্রাইমটিভি/কেআর