শুভ জন্মদিন কাজী নজরুল ইসলাম

ছবি- সংগৃহীত
ক্যালেন্ডারের পাতায় আজ ১১ জ্যৈষ্ঠ। বাঙালির চির বিদ্রোহী, প্রেমিক ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। প্রায় এক শতাব্দী ধরে তিনি বাঙালির সুখ-দুঃখ, প্রেম-বিরহ, সংগ্রাম আর চেতনার অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন।
কেউ তাঁকে বলেন বিদ্রোহী কবি, কেউ প্রেম ও সংগীতের পূজারি, আবার কেউ দেখেন সাম্যের অগ্নিদূত হিসেবে। কিন্তু এই উজ্জ্বল পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে গভীর বেদনায় ভরা এক জীবনকাব্য।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ছিল সংগ্রাম, বঞ্চনা ও অভিমানের এক দীর্ঘ অধ্যায়। ভালোবাসা, স্বীকৃতি আর মানবমুক্তির গান শোনালেও নিজের জীবনে তিনি পেয়েছেন নিঃসঙ্গতা ও ক্ষতবিক্ষত বাস্তবতা। তার কবিতা ও গানে যেমন বিদ্রোহের আগুন জ্বলেছে, তেমনি প্রেমের আকুলতাও ছড়িয়ে পড়েছে গভীর ব্যথার সুরে।
“আমি চাঁদ নহি, অভিশাপ”—এই আত্মবোধ যেন তার জীবনদর্শনেরই প্রতিচ্ছবি। তিনি শব্দে শব্দে সাজিয়েছেন প্রেম, দ্রোহ, মানবতা ও অসাম্প্রদায়িকতার মহাকাব্য; অথচ ব্যক্তিগত জীবনে বারবার হয়েছেন আহত।
নজরুল শুধু সাহিত্যিক নন, তিনি ছিলেন সমাজ পরিবর্তনের স্বপ্নদ্রষ্টা। সাম্য, স্বাধীনতা ও মানবমুক্তির আহ্বান নিয়ে কলম হাতে নেমেছিলেন অন্যায়ের বিরুদ্ধে। তার কবিতা, গান ও প্রবন্ধে উঠে এসেছে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের ভাষা।
কিন্তু জীবনের এক পর্যায়ে অসুস্থতা তাকে গ্রাস করে। জীবনের মধ্যগগনে এসে তিনি হয়ে পড়েন নির্বাক। সেই নীরবতার ভেতর লুকিয়ে ছিল এক গভীর অভিমান, এক অসমাপ্ত বেদনা।
তারপর কেটে গেছে বহু বছর। তবুও সংকট, স্থবিরতা কিংবা অন্ধকার সময়ে বাঙালি আজও ফিরে যায় নজরুলের কাছে। তার গান, কবিতা ও চেতনা এখনো সাহস জোগায়, জাগিয়ে তোলে প্রতিবাদের শক্তি।
আজ জাতীয় কবির জন্মদিনে নানা আয়োজনে তাকে স্মরণ করছে দেশ। শ্রদ্ধা, ভালোবাসা আর চেতনার দীপশিখা হয়ে আজও বেঁচে আছেন কাজী নজরুল ইসলাম।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




