নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে তৃতীয় লিঙ্গ হত্যা । প্রাইম টিভি
নরসিংদীর রায়পুরা উপজেলায় তৃতীয় লিঙ্গের এক সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২৪ মে) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি রেলগেট এলাকার একটি মুরগির খামারের ভেতরে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তরা খামারের ভেতরে ঢুকে ইয়াসমিন ওরফে সুমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইয়াসমিন ওরফে সুমন, বয়স ২৬, রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের রবিউল্লাহর সন্তান। এ ঘটনায় আহত হয়েছেন চাঁদনী ওরফে বাবু, বয়স ২৬, একই এলাকার মিষ্টু মিয়ার সন্তান। তাকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, ঘটনার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




