সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রথম ১০০ দিনে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের দ্রুত, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

সোমবার (২৫ মে) আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। সামাজিক নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, অর্থনীতি, প্রযুক্তি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার অনেকগুলো ইতোমধ্যেই বাস্তবায়নের পর্যায়ে পৌঁছেছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়, প্রথম দিকের পদক্ষেপ হিসেবে নারীকেন্দ্রিক সামাজিক নিরাপত্তা জোরদার করতে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। পাশাপাশি ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী প্রদানের কার্যক্রম শুরু এবং বিদ্যুৎ খাতে অতিরিক্ত চার্জ প্রত্যাহারের মাধ্যমে সাধারণ মানুষের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষি খাতে কৃষক কার্ড চালু, ক্ষুদ্র কৃষকদের জন্য ঋণ সহায়তা ও খাল খনন কর্মসূচির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার কথা তুলে ধরা হয়। একই সঙ্গে পদ্মা ব্যারেজসহ বড় প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতির কথাও জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শ্রমিকদের ঈদ বেতন ও বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ট্রেন ও নৌসার্ভিস চালু, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে জানানো হয়, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, বৈদেশিক ঋণ পরিশোধ, পাচার হওয়া অর্থ উদ্ধারে আন্তর্জাতিক চুক্তি এবং রিজার্ভ ও রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

আইনের শাসন ও বিচার ব্যবস্থার অগ্রগতির কথা উল্লেখ করে বলা হয়, বিভিন্ন আলোচিত মামলায় দ্রুত তদন্ত ও বিচার কার্যক্রম এগিয়ে চলছে, যা ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রযুক্তিনির্ভর উন্নয়ন, বিমানবন্দর ও পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, তরুণদের জন্য স্পোর্টস ও স্টার্টআপ উদ্যোগ, এবং স্বাস্থ্য ও শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি সরকারের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ।

সবশেষে বলা হয়, সরকার গণতান্ত্রিক জবাবদিহিতা, স্বচ্ছতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে যাচ্ছে এবং ঘোষিত সব নির্বাচনী প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

প্রাইমটিভি/এনজি