পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বাড়ি ফেরা মানুষের ভিড়ে সিরাজগঞ্জের যমুনা সেতু সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সোমবার (২৫ মে) সকাল থেকেই উত্তরবঙ্গমুখী সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

বিশেষ করে দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মহাসড়কে চাপ ক্রমেই বাড়ছে। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, স্বাভাবিক সময়ে যেখানে দিনে প্রায় ২০ থেকে ২২ হাজার যানবাহন পারাপার হয়, সেখানে গত ২৪ ঘণ্টায় প্রায় ৪০ হাজার যানবাহন সেতু পার হয়েছে। এতে যানবাহনের চাপ প্রায় দ্বিগুণ হয়েছে।

তিনি বলেন, সেতুর উভয় প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি চলছে।

এদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, মহাসড়কে এখন পর্যন্ত যানজট তৈরি হয়নি। তবে সময়ের সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও বাড়ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, উত্তর ও দক্ষিণাঞ্চলের অন্তত ২২ জেলার মানুষের সড়ক যোগাযোগের প্রধান রুট হিসেবে যমুনা সেতু ব্যবহার হওয়ায় ঈদ মৌসুমে এ রুটে চাপ কয়েকগুণ বেড়ে যায়। তবুও আপাতত যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলে তারা জানান।

প্রাইমটিভি/কেআর