কুড়িগ্রাম পাঁচগাছিতে ব্রিজ ধসে নিহত ১, আহত ৫

কুড়িগ্রাম পাঁচগাছিতে ব্রিজ ধসে নিহত । প্রাইম টিভি
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিতাইঝাড় এলাকায় ট্রাক্টরসহ একটি ব্রিজ ধসে পড়ে ১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।
রবিবার (২৪ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন এবং হতাহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়।
পরে গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে পথেই তার মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ব্রিজটি ধসে পড়ার ফলে পাঁচগাছি ইউনিয়নসহ আশপাশের ৩ থেকে ৪টি ইউনিয়নের প্রায় অর্ধলাখ মানুষের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সেতুটি ভেঙে পড়ায় ব্যবসা, শিক্ষা ও চিকিৎসা কার্যক্রমে বড় ধরনের ভোগান্তি দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণকাজ এবং অনিয়ম ও দুর্নীতির কারণে মাত্র দুই দশকের মাথায় সেতুটি ধসে পড়ে। ২০০৩ সালে নির্মিত এই সেতুটি একটি ট্রাক্টরের ভারও সহ্য করতে না পারায় ভেঙে পড়েছে বলে দাবি করেন তারা।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সেতুটি পুনর্নির্মাণ এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
পাঁচগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন জানিয়েছেন, সেতু ধসের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




