টাঙ্গাইল জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সোরাতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ মে) ভোর পাঁচটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায় এবং অপর দুইজনের বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে উত্তরাঞ্চলের উদ্দেশ্যে রওনা হওয়া রডবোঝাই ট্রাকটিতে চালক ও সহকারীর পাশাপাশি বেশ কয়েকজন যাত্রীও ছিলেন। ভোরে সোরাতৈল এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে এবং ছিটকে পড়ে ঘটনাস্থলেই একাধিক যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে অংশ নেন। ট্রাকের নিচে আটকে পড়াদের উদ্ধার করতে কয়েক ঘণ্টা অভিযান চালানো হয়। পরে নিহতদের মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

একজন উদ্ধারকর্মী জানান, ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং ৯ জনকে আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল পাঠানো হয়। তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। লাশ শনাক্তকরণ ও স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং দুর্ঘটনা বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাইমটিভি/এনজি