ইরাকে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু

ছবি- সংগৃহীত
ইরাক-এ সড়ক দুর্ঘটনায় জামালপুর-এর মাদারগঞ্জ উপজেলার দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশ সময় গত রোববার ভোর আনুমানিক ৪টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী এলাকার খলিল মণ্ডলের ছেলে মনোহার আলী (৩৫) এবং চর পাকেরদহ ইউনিয়ন-এর কোয়ালিকান্দি এলাকার মৃত আলাউদ্দিন মাস্টারের ছেলে বজলু (৪০)।
নিহতরা ইরাকে একটি কনফেকশনারি দোকানে কাজ করতেন। মঙ্গলবার সকালে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বজনরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, মনোহার আলী প্রায় চার বছর আগে ঋণ করে ইরাকে যান। বৈধ পারমিট না থাকায় তিনি কষ্ট করে বিভিন্ন সাপ্লাইয়ের কাজ করে দেশে টাকা পাঠাতেন। দীর্ঘ সময় বিদেশে থাকলেও ঋণের বোঝা শোধ করতে পারেননি তিনি।
এরই মধ্যে তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একই দিন সকালে তীব্র ঝড়ে তাদের ঘরের চাল উড়ে যাওয়ায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে চরম দুর্ভোগে পড়েছে মনোহারের পরিবার।
অন্যদিকে বজলুও প্রায় দেড় বছর আগে ঋণ করে ইরাকে পাড়ি জমান। পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার আগের রাতেও দুইজন পরিবারের সঙ্গে কথা বলেন এবং দেশে ফেরার ইচ্ছার কথাও জানান।
দুই প্রবাসীর অকালমৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। নিহতদের স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহায়তা কামনা করেছেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানার পর প্রশাসন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে।
তিনি বলেন, মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারকে দূতাবাসে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হবে।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




