নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেতন ও ঈদ বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে সোনারগাঁ উপজেলার টিপুরদী এলাকায় চৈতি গার্মেন্টসের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে মদনপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যান চলাচল ধীর হয়ে পড়ে।

শ্রমিকদের অভিযোগ, এপ্রিল মাসের বকেয়া বেতন, মে মাসের বেতন ও ঈদ বোনাস এখনো পরিশোধ করা হয়নি। ঈদের আগে সব পাওনা পরিশোধের দাবিতে তারা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা মহাসড়কের দুটি লেন আংশিক অবরোধ করে অবস্থান নেন।

অবরোধের কারণে দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। অনেক যানবাহন মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি শামীম শেখ জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়। পরে বিকেলের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি।

প্রাইমটিভি/এনজি