পল্লী বিদ্যুৎ অফিসে কর্মকর্তার চেয়ারে জামায়াত এমপি, হাতপাখা হাতে কর্মচারী

ছবি- সংগৃহীত
সাতক্ষীরার দেবহাটায় পল্লী বিদ্যুৎ অফিস পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার দাপ্তরিক চেয়ারে বসাকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে দেবহাটার সখিপুর মোড় এলাকায় অবস্থিত সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি-এর সাব-জোনাল অফিস পরিদর্শনে যান এমপি আব্দুল খালেক। এ সময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, পুলিশ কর্মকর্তা এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অফিসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার একপর্যায়ে এমপি সংশ্লিষ্ট কর্মকর্তার কক্ষে প্রবেশ করেন এবং তার নির্ধারিত দাপ্তরিক চেয়ারে বসেন। পরে তিনি বিদ্যুৎ সরবরাহ, গ্রাহক ভোগান্তি এবং চলমান কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন, জনপ্রতিনিধি হিসেবে অফিস পরিদর্শন করা স্বাভাবিক হলেও প্রশাসনিক শিষ্টাচার বজায় রাখা উচিত ছিল। অন্যদিকে এমপির সমর্থকদের দাবি, বিষয়টি অপ্রয়োজনীয়ভাবে বিতর্কিত করা হচ্ছে।
এ বিষয়ে সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী কামরুজ্জামান ভুট্টো বলেন, “ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী একজন সংসদ সদস্যের অবস্থান উচ্চ পর্যায়ে হলেও তা কোনো কর্মকর্তার নির্ধারিত দাপ্তরিক চেয়ারে বসার অধিকার দেয় না। সাধারণত পরিদর্শন বা সভার সময় আলাদা সম্মানজনক আসনের ব্যবস্থা করা হয়।”
তিনি আরও বলেন, “সরকারি অফিসের শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে এ ধরনের আচরণ এড়িয়ে চলা উচিত।”
দেবহাটা সাব-জোনাল অফিসের এজিএম মো. মাসুম বিল্লাহ বলেন, “হঠাৎ করেই সংসদ সদস্য অফিস পরিদর্শনে আসেন। তখন ৩৩ কেভি লাইনের সমস্যার কারণে অতিরিক্ত গরম ছিল এবং পাখা দিয়ে বাতাস করা হচ্ছিল।”
তবে এমপির চেয়ারে বসার বিষয়ে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে জানান।
এ বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি-এর জেনারেল ম্যানেজার মো. আজিজুর রহমান সরকার বলেন, “এমপি মহোদয় কেন কর্মকর্তার চেয়ারে বসেছেন, সেটি আমার জানা নেই।”
সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে তার ব্যক্তিগত সহকারী মো. নজিবুল্লাহ বলেন, “বিদ্যুতের বেহাল অবস্থা থেকে উত্তরণ এবং জনগণ যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে পারে, সে লক্ষ্যেই এমপি মহোদয় দেবহাটা পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস পরিদর্শনে যান। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিদ্যুতের সমস্যা ও প্রতিকার সম্পর্কে জানতে চান। এজিএম সাহেবের অনুরোধেই তিনি ওই চেয়ারে বসেন।”
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




