মো. আসাদুজ্জামান বলেছেন, রামিসা-এর ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি বলেন, সারাদেশে বিচারক ও আইনজীবী সংকটের কারণে অনেক সময় বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হয়।

মঙ্গলবার (২৬ মে) সকালে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয়—এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ-এর এমন বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, এটি আদালত অবমাননার শামিল। তিনি দাবি করেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, বিচারকরা স্বাধীনভাবে কাজ করছেন বলেই সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতারা গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে মামলা জটের অন্যতম কারণ হলো বিচারক ও আইনজীবীর সংকট। প্রয়োজনীয় সংখ্যক আইনজীবী না থাকায় অনেক সময় ট্রায়াল প্রক্রিয়া বিলম্বিত হয়।

তিনি এনসিপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন। তার মতে, এসব বক্তব্য বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা।

এ সময় তিনি আরও বলেন, পুলিশ ও বিচার বিভাগ নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করছে এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।

প্রাইমটিভি/কেআর