অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর হস্তক্ষেপে মহিষটিকে ক্রেতার কাছ থেকে ফিরিয়ে এনে আবারও রাখা হয়েছে নারায়ণগঞ্জের খামারে।

বুধবার (২৭ মে) এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় কেরানীগঞ্জের ক্রেতাকে অর্থ ফেরত দিয়ে সেটি পুনরায় খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে। আপাতত নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মেই মহিষটিকে লালন-পালন করা হবে।

বিরল অ্যালবিনো জাতের এই মহিষটির সাদা চুল ও চোখের গড়নের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর মিল থাকায় এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে নামটি দেন।

৭০০ কেজি ওজনের ব্যতিক্রমধর্মী এই মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়লে সেটিকে দেখতে প্রতিদিন ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। শুধু নারায়ণগঞ্জ নয়, বরিশাল, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকেও মানুষ ছুটে আসেন এক নজর দেখার জন্য।

জানা গেছে, ভাইরাল হওয়ার আগেই রাজধানীর জিনজিরা এলাকার এক ক্রেতা সামির প্রতি কেজি ৫৫০ টাকা দরে মহিষটি কিনে নিয়েছিলেন। তবে পরিস্থিতি বিবেচনায় পরে সেই অর্থ ফেরত দিয়ে মহিষটি আবার খামারে ফিরিয়ে আনা হয়।

প্রাইমটিভি/এনজি