রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে মোট ১১ জন মা ও ৬ নবজাতক ছিল। রাত ২টা থেকে ৩টার মধ্যে এক মা অতিরিক্ত ঠান্ডা অনুভব করায় কক্ষের এসি বন্ধ করার অনুরোধ জানান। পরে প্রায় এক ঘণ্টার জন্য এসি বন্ধ রাখা হয়।

এ সময় কক্ষটিতে পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকায় নবজাতকদের শ্বাসকষ্ট শুরু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভোর ৬টার পর থেকে একে একে ছয় নবজাতকের অবস্থার অবনতি ঘটে এবং পরে তাদের মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পোস্ট অপারেটিভ রুমে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকায় এসি বন্ধ থাকার সময় সাফোকেশন বা শ্বাসরোধজনিত পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে।

ঘটনার পর হাসপাতালজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাইমটিভি/কেআর