কোরবানির বর্জ্য অপসারণে প্রস্তুত ৩১ হাজার কর্মী

বর্জ্য অপসারণ কর্মী । সংগৃহীত
রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। ঈদের দিন ৮ থেকে ১০ ঘণ্টার মধ্যে প্রায় ৫৪ হাজার টন বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কাজে অংশ নেবেন প্রায় ৩১ হাজার পরিচ্ছন্নতা কর্মী।
ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, এবার প্রায় ২১ হাজার টন বর্জ্য অপসারণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ জন্য মাঠে থাকবে প্রায় ১৬ হাজার পরিচ্ছন্নতা কর্মী ও ৭ শতাধিক যান-যন্ত্রপাতি। পাশাপাশি ব্লিচিং পাউডার, স্যাভলন ও পলিব্যাগসহ প্রয়োজনীয় সরঞ্জামও প্রস্তুত রাখা হয়েছে।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদের প্রথম দিনেই প্রায় ৩৪ হাজার টন বর্জ্য অপসারণের পরিকল্পনা নিয়েছে। এ কাজে নিয়োজিত থাকবেন প্রায় ১৪ হাজার কর্মী। ব্যবহার করা হবে ২ হাজারের বেশি যান-যন্ত্রপাতি। দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি কমাতে রাখা হয়েছে বায়োডিগ্রেডেবল ব্যাগ ও জীবাণুনাশক সামগ্রী।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণ করতে একজন পরিচ্ছন্নতা কর্মীকে গড়ে প্রায় সোয়া এক টন বর্জ্য সরাতে হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান জানিয়েছেন, ১০টি জোনে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ৭২ ঘণ্টার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে আউটসোর্সিং কর্মীও নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, কোরবানির প্রায় ৬০ শতাংশ প্রথম দিনে, ৩০ শতাংশ দ্বিতীয় দিনে এবং বাকি ১০ শতাংশ শেষ দিনে সম্পন্ন হয়। সেই হিসাব ধরেই পরিচ্ছন্নতা কার্যক্রম সাজানো হয়েছে।
দুই সিটি করপোরেশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রাজধানীকে বর্জ্যমুক্ত রাখতে নগরবাসীর সহযোগিতাও জরুরি। বিশেষ করে কোরবানির বর্জ্য যেন ড্রেন বা খোলা স্থানে না ফেলা হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




