ইরানে আবারও মার্কিন হামলা, চরম ঝুঁকিতে যুদ্ধবিরতি

ইরানে মার্কিন হামলা । সংগৃহীত
ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই তিন দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইরানের কৌশলগত বন্দর নগরী বন্দর আব্বাসের একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড ‘সেন্টকম’ জানিয়েছে, হামলার পাশাপাশি হরমুজ প্রণালির কাছে ইরানের চারটি আত্মঘাতী ড্রোনও ভূপাতিত করেছে তাদের বাহিনী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর আব্বাসের সামরিক ঘাঁটি থেকে পঞ্চম একটি ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি চলাকালে সেখানে হামলা চালায় মার্কিন বাহিনী।
এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছে। একই সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, হামলার জবাবে তারা একটি মার্কিন বিমানঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছে। তবে ওই ঘাঁটির অবস্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি প্রতিহত করেছে। যদিও এসব হামলার উৎস সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দেয়নি দেশটি।
নতুন এই উত্তেজনায় গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন-ইসরায়েল জোট ও ইরানের তিন মাসব্যাপী সংঘাত বন্ধে চলমান আলোচনা ও যুদ্ধবিরতি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
এর আগে গত সোমবারও দক্ষিণ ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে মাইন বসানোর চেষ্টা করা ইরানি স্পিডবোট লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেন্টকম দাবি করেছে, এসব পদক্ষেপ ছিল আত্মরক্ষামূলক এবং যুদ্ধবিরতি বজায় রাখার অংশ।
অন্যদিকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়কারী ইরানি সংস্থা ‘পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি’র ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, এটি বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্য থেকে অর্থ আদায়ের ইরানি প্রচেষ্টার প্রমাণ।
বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায় নতুন এই সংঘাত বিশ্ব জ্বালানি বাজারেও উদ্বেগ তৈরি করেছে।
এদিকে ওয়াশিংটনে মন্ত্রিসভার বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান বর্তমানে দুর্বল অবস্থানে থেকে চুক্তির চেষ্টা করছে। তবে ওয়াশিংটন এখনো তাদের শর্তে সন্তুষ্ট নয়। চুক্তি না হলে আবারও বড় ধরনের সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
এর আগে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে একটি খসড়া চুক্তির তথ্য প্রকাশ করা হলেও হোয়াইট হাউস সেটিকে ‘সম্পূর্ণ বানোয়াট’ বলে দাবি করেছে।
প্রাইমটিভি/এনজি





