বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে বনানী সামরিক কবরস্থানে কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে কবরস্থানে যান।

প্রথমে তারা তার শ্বশুর, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। পরে তারা বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর প্রাঙ্গণে যান এবং স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি) সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। মোট নিহতের সংখ্যা ছিল ৭৪ জন। নিহতদের অধিকাংশকেই বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে কবরস্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং স্বজন ও সংশ্লিষ্টরা সেখানে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রাইমটিভি/কেআর