দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরিকল্পিত লোডশেডিংয়ের সুযোগও নেই: প্রতিমন্ত্রী

ছবি- সংগৃহীত
দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, বিদ্যুতের পর্যাপ্ত উৎপাদন থাকায় পরিকল্পিত লোডশেডিং করারও সুযোগ নেই। তবে কোথাও কোথাও ঝড়ের কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইনে সমস্যা তৈরি হলে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।
বৃহস্পতিবার (২৮ মে) যশোর ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “বিদ্যুৎ বিভাগের কর্মীরা দ্রুত সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করছেন। জনগণকে দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
যশোর ঈদগাহে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। এতে অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ঈদের তাৎপর্য তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, “মুসলমানরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করবে না, নিজেদের মনের পশুত্বও কোরবানি করবে। এর মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ ঈদের জামাতে অংশ নিতে ঈদগাহ ময়দানে সমবেত হন।
প্রধান জামাতের খুতবা পাঠ করেন মাওলানা আব্দুল মান্নান। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




