প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা মোদির

ছবি- সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় দুই প্রতিবেশী দেশের জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদারে নয়াদিল্লির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের সূত্র জানায়, ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের “ভ্রাতৃপ্রতিম জনগণকে” ঈদের শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি।
বার্তায় মোদি বলেন, ঈদুল আজহা ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। দেশজুড়ে লাখো মুসলমান আনন্দ ও উৎসাহের সঙ্গে এ উৎসব উদযাপন করেন।
ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এ উৎসব ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের চিরন্তন আদর্শ ধারণ করে, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশ যৌথ ত্যাগ, সাংস্কৃতিক মিল এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে গভীর বন্ধনে আবদ্ধ।
তিনি আরও বলেন, দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেন, দুই দেশের অভিন্ন উন্নয়ন ভাবনা ভবিষ্যতেও জনগণের অগ্রগতি ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এছাড়া তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন এবং বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




