রাজধানীতে ঈদুল আজহার দিনে কোরবানির পশু প্রস্তুত করতে গিয়ে অসাবধানতা ও দুর্ঘটনায় অন্তত ৮০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব আহত রোগীকে চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কলিন্স মল্লিক জানান, আহতদের মধ্যে বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে গুরুতর আহত প্রায় ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, কোরবানির পশু জবাই, চামড়া ছাড়ানো এবং মাংস কাটার সময় ধারালো অস্ত্রের অসাবধান ব্যবহার, পাশাপাশি গরুর লাথি ও শিংয়ের আঘাতে এসব দুর্ঘটনা ঘটে। আহতদের শরীরের বিভিন্ন অংশে কাটা জখম ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আহতরা রাজধানীর পুরান ঢাকা, ওয়ারী, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, চকবাজার, হাজারীবাগ, বংশাল, সবুজবাগ, উত্তরা, বাড্ডা, ধানমন্ডি, কলাবাগান, মিরপুর ও পল্লবীসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।

চিকিৎসকরা ঈদের সময় কোরবানির কাজ সতর্কতার সঙ্গে করার পরামর্শ দিয়েছেন, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

প্রাইমটিভি/এনজি