আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আশেপাশের মসজিদগুলোতে ‘বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে’।

শুক্রবার (২৯ মে) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “মাদক, মৌলবাদ, সন্ত্রাস ও দুর্নীতি যেন এই সমাজকে গ্রাস করতে না পারে। এসবের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “মৌলবাদের বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে হবে। আশেপাশের মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে—এ ধরনের প্রবণতা বন্ধে সবাইকে ভূমিকা রাখতে হবে।”

আইনমন্ত্রী বলেন, প্রাক্তন শিক্ষার্থী হিসেবে সবাইকে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় এই এলাকা বাসযোগ্য রাখতে হবে।”

তিনি আরও বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের জন্য কাজের আহ্বান জানাচ্ছি না। মাদক, মৌলবাদ, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করাই আমার লক্ষ্য। আপনারা আমার পাশে থাকুন, আমি আপনাদের পাশে থাকব।”

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রাইমটিভি/কেআর