গ্রেপ্তারকৃতরা হলেন বাবুলচারা গ্রামের মৃত হাবিবুর রহমান হবি খাঁর ছেলে চাঁদ আলী খাঁ এবং তার বোন সান্তনা খাতুন। চাঁদ আলী পেশায় ইটভাটার শ্রমিক।

এর আগে গত রোববার (২৪ মে) সকাল ৮টার দিকে ওই গৃহবধূকে নির্যাতনের ঘটনা ঘটে।

ভুক্তভোগী তানিয়া খাতুন জানান, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে বিভিন্ন সময় নির্যাতন করা হতো। এর আগে দেড় লাখ টাকা দেয়ার পরও আবারও টাকার জন্য চাপ দেয় স্বামী ও ননদ। নির্ধারিত সময়ে বাবার বাড়ি থেকে টাকা আনতে না পারায় তাকে মারধর করা হয়।

তিনি অভিযোগ করেন, এক পর্যায়ে ননদ সান্তনা খাতুনের সহযোগিতায় চুল কাটার মেশিন দিয়ে তার মাথার চুল কেটে দেয় স্বামী চাঁদ আলী খাঁ।

ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে যান। পরে স্বামী ও ননদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রাইমটিভি/এনজি