দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই মারা গেছে ৯ শিশু। আর সিলেটে মারা গেছে আরও এক শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবার (২৯ মে) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৩২ শিশু। এর মধ্যে ৬৭৪ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ৫৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেশে মোট ৪৮৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯০ শিশু।

এদিকে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৮ হাজার ৫৭৯ শিশুর শরীরে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ হাজার ৭৯৮ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫১ হাজার ৫১১ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, একই সময় দেশে মোট ৮ হাজার ৯৪৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

ক্রমবর্ধমান এই পরিস্থিতিতে শিশুদের টিকাদান নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রাইমটিভি/এনজি