ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় মোটরসাইকেলের হর্ণ বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার পাখিমারা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন বিকেলে হরিণাকুন্ডু উপজেলার বরইতলার মাঠ এলাকায় মোটরসাইকেলের হর্ণ বাজানো নিয়ে পাখিমারা গ্রামের লাল্টুর সঙ্গে হরিশপুর গ্রামের শুভ হোসেনের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন ও আবু তালেব এবং পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব ও বাদশাসহ অন্তত পাঁচজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে দেলোয়ার হোসেনকে কুষ্টিয়া সদর হাসপাতাল এবং আবু তালেবকে ঢাকায় রেফার করা হয়। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান দেলোয়ার হোসেন।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের হর্ণ বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রাইমটিভি/কেআর