রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডের ভেন্টিলেশন ব্যবস্থায় ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ঘটনাটি তদন্তে গঠিত কমিটি হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভেন্টিলেশনজনিত সমস্যা শনাক্ত করেছে। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আগামীকাল শনিবার (৩০ মে) জমা দেওয়া হবে।

গত বুধবার সকালে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ওই ওয়ার্ডে তখন ১১ জন মা ও ছয় নবজাতক ভর্তি ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে এক মা ঠান্ডা অনুভব করায় নার্সকে এসি বন্ধ রাখতে অনুরোধ করেন। এরপর প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখা হয়। পরে গরম লাগায় আবার এসি চালু করা হলে কিছুক্ষণের মধ্যেই দুই নবজাতক অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের এনআইসিইউতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ধীরে ধীরে আরও শিশু অসুস্থ হয়ে পড়ে এবং সকালে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, পোস্ট ডেলিভারি ওয়ার্ডে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় অক্সিজেন ও ভেন্টিলেশন সমস্যার সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে স্বজনদের অভিযোগ, চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

ঘটনার কারণ ও হাসপাতালের অব্যবস্থাপনা তদন্তে স্বাস্থ্য অধিদফতর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাইমটিভি/কেআর