ঈদের ছুটিতেও রাজধানীর পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ, পানি নিষ্কাশনের পথ সচল করা এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তারেক রহমান।

নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, ঈদের দ্বিতীয় দিন রাজধানীর বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বিকেলে নিজেই গাড়ি চালিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনের সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ানবাজার এলাকায় বর্জ্য জমে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজিরকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, ৩০ ও ৩১ মে’র মধ্যে রাজধানীর বর্জ্য অপসারণ, ড্রেনেজ ব্যবস্থা সচল এবং ডেঙ্গু প্রতিরোধে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধেও আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বর্ষা মৌসুমকে সামনে রেখে জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাইমটিভি/এনজি