আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। শনিবার (৩০ মে) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়, বিকাল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত কার্যকর থাকবে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পরিস্থিতি বিবেচনায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

অপর এক পূর্বাভাসে জানানো হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ (৩০ মে) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বাতাসের গতি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। ভোর ৬টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে ৩৯ মিলিমিটার।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।

প্রাইমটিভি/এনজি