ঈদের আনন্দে মুখর ধরলা সেতু, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

ঈদের আনন্দে মুখর ধরলা সেতু । সংগৃহীত
ঈদের দিন গরু কুরবানি ও মাংস বিতরণসহ নানা ব্যস্ততায় পরিবারের সঙ্গে ঘোরাঘুরির সুযোগ না হওয়ায় ঈদের দ্বিতীয় দিনে বিনোদনের খোঁজে ঘর থেকে বের হন জেলার বিভিন্ন এলাকার মানুষ। এরই ধারাবাহিকতায় ঈদের দ্বিতীয় দিনেও কুড়িগ্রামের বিভিন্ন পর্যটনকেন্দ্রে দেখা যায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
জেলার অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান ধরলা সেতু ও এর আশপাশের এলাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল জনসমাগমে মুখরিত। কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, উলিপুরসহ জেলার নয়টি উপজেলার মানুষ পরিবার নিয়ে এখানে ভিড় করেন। শিশু কিশোর থেকে শুরু করে বয়স্করাও অংশ নেন এই মিলনমেলায়।
ধরলা নদীর মনোরম সৌন্দর্য উপভোগ করতে অনেকে পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটান। ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি দীর্ঘদিন পর আত্মীয় স্বজন ও পরিচিতজনদের সঙ্গে দেখা হওয়ায় পরিবেশটি হয়ে ওঠে উৎসবমুখর।

স্থানীয়রা জানান, প্রাকৃতিক সৌন্দর্য ও বিনোদনের সুযোগের কারণে ধরলা সেতু এখন জেলার অন্যতম শীর্ষ পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে। ঈদ কিংবা বিশেষ ছুটির দিনগুলোতে এখানে দর্শনার্থীদের এমন ভিড় নিয়মিত দৃশ্য।
ঘুরতে আসা রাকিব বলেন, ঈদের দিনে ব্যস্ততার কারণে আসা হয়নি। আজ পরিবার নিয়ে এসেছি। খুব সুন্দর পরিবেশে সবাই মিলে সময় কাটাতে ভালো লাগছে।
অন্যান্য দর্শনার্থীরাও জানান, পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে তারা আনন্দিত এবং ধরলার পাড়ে সময় কাটিয়ে ভালো অভিজ্ঞতা পাচ্ছেন।
ঈদসহ বিভিন্ন উৎসব ও ছুটির দিনে কুড়িগ্রামের ধরলা সেতু এলাকায় এমন জনসমাগম এখন নিয়মিত চিত্রে পরিণত হয়েছে।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




