বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩০ মে) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এদিকে শহীদ জিয়াউর রহমানের স্মরণে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রতিটি সংসদীয় আসনে নির্ধারিত স্থানে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিশেষ খাদ্য বিতরণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির পাঁচটি অঙ্গসংগঠন ও একটি সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নেতাকর্মীরা জানিয়েছেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবনকে স্মরণ করে দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করা হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শহীদ জিয়ার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

প্রাইমটিভি/কেআর