ভোলা সফরের শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, “অসময়ে যদি জিয়াউর রহমানকে হত্যা করা না হতো, তাহলে বাংলাদেশ আজ আরও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো। দেশের অনেক সমস্যারই তিনি সমাধান করতে সক্ষম হতেন।”

শনিবার (৩০ মে) সকালে ভোলা জেলা বিএনপি কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, “আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ অনুসরণ করে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে এবং জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানও দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আমরা আশা করি।”

হাফিজ উদ্দিন আহমদ বলেন, “জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শ আজও বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করছে। জনগণের সমর্থন নিয়ে বিএনপি চারবার রাষ্ট্রক্ষমতায় এসেছে। গত ১৬ বছরে বিএনপি নানা ধরনের রাজনৈতিক চাপ ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছে।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় রাজনৈতিক সংগ্রাম করেছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”

এ সময় ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রাইমটিভি/কেআর