পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। ফিরতি কার্যক্রমের প্রথম দিনে ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন।

শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হাজিদের বহনকারী প্রথম ফিরতি ফ্লাইট। বিমানবন্দরে স্বজনদের সঙ্গে মিলিত হয়ে অনেক হাজিকে আবেগাপ্লুত হতে দেখা যায়।

এর আগে শুক্রবার (২৯ মে) স্থানীয় সময় মধ্যরাতে সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে প্রথম ফিরতি ফ্লাইট। সাউদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটে করে দেশে ফেরেন প্রথম দফার হাজিরা।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। তবে হজ পালনকালে বিভিন্ন কারণে ৩১ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।

এর আগে গত ১৭ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। আর বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইট সৌদি আরবে পৌঁছায় ২১ মে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এবার সার্বিক প্রস্তুতি, সমন্বয় এবং ব্যবস্থাপনা কার্যক্রমের কারণে বড় ধরনের কোনো জটিলতা ছাড়াই নিবন্ধিত হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো সম্ভব হয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে এখন পর্যায়ক্রমে দেশে ফিরছেন তারা।

হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সব সংস্থা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রাইমটিভি/কেআর