বৈশ্বিক উত্তেজনার মাঝেই ইসরায়েলের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়াচ্ছে মার্কিন কংগ্রেস

প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ)-এ একটি নতুন প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাকে অভূতপূর্বভাবে সম্প্রসারণ করতে পারে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
বিলটির ২২৪ নম্বর ধারা, “মার্কিন-ইসরায়েল ডিফেন্স টেকনোলজি কোঅপারেশন ইনিসশিয়েটিভ ”, অনুযায়ী দুই দেশের মধ্যে প্রতিরক্ষা প্রযুক্তি গবেষণা, উন্নয়ন, পরীক্ষা, মূল্যায়ন ও শিল্প সহযোগিতা আরও গভীর করার পরিকল্পনা রয়েছে। এতে ড্রোন প্রতিরোধ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, ভূগর্ভস্থ হুমকি মোকাবিলা, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং বায়োটেকনোলজি অন্তর্ভুক্ত রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের একজন কর্মকর্তাকে দুই দেশের সামরিক সহযোগিতা সমন্বয়ের দায়িত্ব দেওয়া হবে। বিশ্লেষকদের মতে, এটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র–ইসরায়েল প্রতিরক্ষা সম্পর্ক কেবল সহায়তা-নির্ভর কাঠামো থেকে বেরিয়ে এক ধরনের প্রাতিষ্ঠানিক ও শিল্পভিত্তিক একীভূত ব্যবস্থায় পরিণত হতে পারে।
তবে প্রস্তাবটি নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই রাজনৈতিক বিভাজন দেখা দিয়েছে। কংগ্রেস সদস্য টমাস ম্যাসি এটিকে এনডিএএ থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। সমালোচকদের মতে, এটি পাস হলে ইসরায়েলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বৈদেশিক ও প্রতিরক্ষা নীতিতে রাজনৈতিক নিয়ন্ত্রণ কমে যেতে পারে।
বিতর্ক আরও তীব্র হয়েছে ইসরায়েলের গাজা যুদ্ধকে ঘিরে। মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের বিশেষজ্ঞরা গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছেন, যেখানে যুদ্ধবিরতির পরও শত শত ফিলিস্তিনি নিহত হওয়ার দাবি করা হচ্ছে।
জনমত জরিপেও যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে নিঃশর্ত সামরিক সহায়তার প্রতি সমর্থন হ্রাস পেয়েছে। একইসঙ্গে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় শিবিরেই এ নীতির বিরুদ্ধে কণ্ঠস্বর বাড়ছে।
বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব বাস্তবায়িত হলে দুই দেশের সামরিক প্রযুক্তি গভীরভাবে একীভূত হবে, যা ভবিষ্যতে মার্কিন সামরিক নীতি পরিবর্তনকে আরও কঠিন করে তুলতে পারে এবং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যেও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








