ঈদের ছুটিতে সড়কে ঝরল ৩৭ প্রাণ

সড়ক দুর্ঘটনা । সংগৃহীত
ঈদের ছুটিতে গত মঙ্গলবার থেকে গতকাল রবিবার পর্যন্ত ছয় দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৯০ জন।
এর মধ্যে ঈদের দিন গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন, নেত্রকোনায় পাঁচজন এবং ফরিদপুরের মধুখালীতে চারজন নিহত হয়েছেন।
এছাড়া ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। সড়কে হতাহতের অন্য ঘটনাগুলো ঘটেছে নরসিংদী, পটুয়াখালী, চট্টগ্রাম, সাতক্ষীরা, দিনাজপুর, নাটোর, নড়াইল, জামালপুর, চাঁদপুর, গাইবান্ধা, পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, কক্সবাজার, টাঙ্গাইল, কুষ্টিয়া ও কিশোরগঞ্জ জেলায়।
গোপালগঞ্জে ঈদের দিন দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হন। নিহতরা হলেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোনিয়া গ্রামের মো. সোহাগ (৩৬), তার স্ত্রী খাদিজা খাতুন (৩০), ছেলে আরমান (৬), মোটরসাইকেল চালক শাওন ঢালী (২২) এবং সোয়েব শেখ (১৬)। এ ঘটনায় আরও ১১ জন আহত হন। পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোনায় শুক্রবার ও রবিবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। রবিবার নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস সদরের চল্লিশা বাইপাস এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন নারী নিহত হন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া ঈদের পরদিন কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন নিরব (২৪) ও সোহান (২০)।
ফরিদপুরের মধুখালীতে ঈদের দিন বিকালে পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু রাজন শেখ (১৮) ও ইব্রাহিম ফকির (১৭) নিহত হন। এছাড়া গত মঙ্গলবার সন্ধ্যায় দিঘলিয়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের চাপায় আব্দুল মালেক শেখ (৬৫) নিহত হন। একই দিন ভোরে ব্রাহ্মণকান্দা বাজার বাইপাস সড়কে অজ্ঞাত যানবাহনের চাপায় মীম খাতুন (২৬) নামে এক নারী নিহত হন।
ময়মনসিংহে শনিবার সকালে ময়মনসিংহ-শেরপুর সড়কের আলালপুর এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৩১) ও তার আড়াই বছরের ছেলে রুহান নিহত হন।
নরসিংদীর শিবপুরে বুধবার সন্ধ্যায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুমান মিয়া (২৬) ও চান মিয়া (১৯) নিহত হন।
পটুয়াখালীর গলাচিপায় বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চাচাতো ভাই তামিম হাওলাদার (২০) ও ফয়সাল (১৯) নিহত হন।
চট্টগ্রামের ফটিকছড়িতে শনিবার হাজারীখীল বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সীমান্ত দাশ (১৭) ও জয় মল্লিক (১৬) নিহত হন।
সাতক্ষীরার তালায় মঙ্গলবার ভোরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিম ফকির (৩২) ও মেহেদী হাসান (২৫) নিহত হন।
দিনাজপুরের চিরিরবন্দরে শনিবার বিকালে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে জাবির খালেদ (১৮) ঘটনাস্থলে এবং পরে আহত অবস্থায় আহনাদ তহমিদ রিয়াদ (১৮) হাসপাতালে মারা যান।
নাটোরের সিংড়ায় ঈদের দিন রাতে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব হোসেন (১৮) নিহত হন।
নড়াইলের লোহাগড়ায় ঈদের দিন বিকালে ঢাকা-কালনা-বেনাপোল মহাসড়কের আলমুন্সির মোড়ে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলচালক সাব্বির গাজী (১৭) নিহত হন।
জামালপুরে বুধবার সকালে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে বাসচাপায় সোহরাব হোসেন সরু (৭০) নামে এক বৃদ্ধ নিহত হন।
চাঁদপুর সদরে রবিবার দুপুরে চাঁদপুর-রায়পুর সড়কের ইসলামপুর গাছতলা বাদামতলী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এসএসসি পরীক্ষার্থী জোহা (১৭) নিহত হন। অন্যদিকে হাজীগঞ্জে দুই বাসের প্রতিযোগিতার মধ্যে চাপায় বিল্লাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন।
গাইবান্ধার পলাশবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে রিকতা খাতুন (২৫) নামে এক যাত্রী নিহত হন। আহত হন অন্তত সাতজন।
পাবনার ঈশ্বরদীতে শুক্রবার সকালে ট্রেনের ধাক্কায় পিয়াস (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
ফরিদপুরের ভাঙ্গায় রবিবার দুপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট গভীর খাদে পড়ে গেলে অন্তত ১৫ জন গুরুতর আহত হন।
কক্সবাজারের রামুতে শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা এলাকায় সড়ক দুর্ঘটনায় খালেদা আক্তার (৫০) নামে এক নারী নিহত হন।
টাঙ্গাইলের ভূঞাপুরে রবিবার দুপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুরুজ আকন্দ (৪৫) নিহত হন।
কুষ্টিয়ায় সেনাবাহিনীর একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে জিয়াউল ইসলাম (৪৫) নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ থেকে ৪০ জন।
কিশোরগঞ্জের কটিয়াদীতে রবিবার সকালে ভৈরব মহাসড়কে বাসচাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তার (৬) নিহত হয়।
ঈদের ছুটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ, বেপরোয়া গতি, মোটরসাইকেলের ঝুঁকিপূর্ণ চলাচল এবং ট্রাফিক আইন অমান্যের কারণে এসব দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








