আফ্রিকায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী পাচ্ছেন জাতিসংঘের ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’

‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ । সংগৃহীত
আফ্রিকার আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ প্রদান করা হবে।
আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ পদক তুলে দেবেন বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মরণোত্তর পদকপ্রাপ্ত বাংলাদেশি শান্তিরক্ষীরা হলেন মো. জাহাঙ্গীর আলম, মো. সবুজ মিয়া, মো. মাসুদ রানা, মো. মোমিনুল ইসলাম, শামীম রেজা ও সান্ত মণ্ডল।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর আবেই অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনকালে একটি ড্রোন হামলায় তারা নিহত হন।
জাতিসংঘ জানায়, ১৯৪৮ সাল থেকে শান্তিরক্ষা কার্যক্রম শুরুর পর দায়িত্ব পালনকালে প্রাণ হারানো প্রায় সাড়ে চার হাজার শান্তিরক্ষীর স্মরণে এদিন পুষ্পস্তবক অর্পণ করবেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে গত বছরে নিহত ৫৯ জনসহ মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ প্রদান করা হবে।
বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম শান্তিরক্ষী প্রেরণকারী দেশ বাংলাদেশ। আবেই, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, সাইপ্রাস, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, লেবানন, লিবিয়া, দক্ষিণ সুদান ও পশ্চিম সাহারাসহ বিভিন্ন মিশনে ২৭৭ জন নারীসহ চার হাজারেরও বেশি বাংলাদেশি শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বর্তমানে সামরিক, পুলিশ ও বেসামরিক মিলিয়ে ৫০ হাজারেরও বেশি শান্তিরক্ষী বিশ্বের ১১টি মিশনে কাজ করছেন এবং ১১৮টি দেশ এসব মিশনে জনবল সরবরাহ করছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








