পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। সোমবার (১ জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। পদত্যাগপত্রটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে সোমবার প্রধানমন্ত্রী বরাবর পাঠানো এক চিঠিতে পদত্যাগের আবেদন করেন দীপেন দেওয়ান। চিঠিতে তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এসব কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম ও প্রশাসনিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান শারীরিক অবস্থার কারণে মন্ত্রীর দায়িত্ব পালন অব্যাহত রাখা তার পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে তিনি পদ থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।

দীপেন দেওয়ানের পদত্যাগ গ্রহণের ফলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিবর্তন আসছে। তবে তার স্থলাভিষিক্ত হিসেবে কে দায়িত্ব পাবেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

প্রাইমটিভি/কেআর