নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি ব্যবস্থাপনা নিয়ে অনিয়ম, কৃত্রিম যানজট সৃষ্টি এবং সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে।

সোমবার (১ জুন) নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ হান্নান মাসউদের ফেরিঘাটে আগমনকে কেন্দ্র করে সেখানে তীব্র যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় বলে দাবি করা হয়েছে।

সংসদ সদস্যের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ঈদের ছুটি শেষে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে নির্ধারিত সময়ে হাতিয়া ফেরিঘাটে পৌঁছান এমপি মোহাম্মদ হান্নান মাসউদ। তবে ঘাটে পৌঁছানোর পর তাকে প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়।

বিবৃতিতে অভিযোগ করা হয়, একটি স্বার্থান্বেষী রাজনৈতিক মহল ও অসাধু সিন্ডিকেট পরিকল্পিতভাবে মোটরসাইকেল, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন ফেরিতে না তুলে দীর্ঘ সময় রাস্তায় দাঁড় করিয়ে রাখে। এতে ঘাট সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

ফেরিতে উঠে সংসদ সদস্য মোহাম্মদ হান্নান মাসউদ বলেন, সাধারণ যাত্রী কিংবা ভিআইপি, কারো জন্যই ফেরি নির্ধারিত সময়ের বাইরে অপেক্ষা করবে না। নিয়ম মেনেই ফেরি চলাচল নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ফেরিঘাটকে কেন্দ্র করে যারা কালো সিন্ডিকেট গড়ে তুলে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি এসব অপতৎপরতার বিরুদ্ধে সাধারণ জনগণকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।

বিবৃতিতে আরও দাবি করা হয়, হাতিয়াবাসীর দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের ফসল হিসেবে ফেরি সেবা চালু হলেও একটি চক্র শুরু থেকেই এ ব্যবস্থাকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে আসছে।

প্রাইমটিভি/এনজি