পদ্মা ও যমুনা সেতুতে ১০ দিনে প্রায় ৬ লাখ ৮০ হাজার যানবাহন পারাপার, টোল আদায় ৬৩ কোটি টাকার বেশি

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু দিয়ে প্রায় ৬ লাখ ৮০ হাজার যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে দুই সেতু থেকে মোট টোল আদায় হয়েছে ৬৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ৮০০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ রোববার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদযাত্রার চাপ সামাল দিতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ কার্যকর ভূমিকা রেখেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ থেকে ৩০ মে পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন পারাপার হয়। এ সময় সেতুটি থেকে টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা।

একই সময়ে যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন। এই সেতু থেকে টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আরও জানায়, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে নেওয়া সুপরিকল্পিত প্রস্তুতি, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার ফলে এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল হয়েছে। কোথাও বড় ধরনের দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী যানজটের ঘটনা ঘটেনি।

প্রাইমটিভি/এনজি