দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

স্বর্ণের বাজারে দড় পতন । সংগৃহীত
দেশের বাজারে স্বর্ণের দাম এক ধাক্কায় বেশ খানিকটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করেছে সংগঠনটি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। আজ মঙ্গলবার (২ জুন) সকাল ১০টা থেকেই এই সংশোধিত মূল্য দেশজুড়ে কার্যকর করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে এখন থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে ক্রেতাদের খরচ পড়বে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা, যা গত ২৫ মে নির্ধারিত দামে ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা। উল্লেখ্য, এই নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৭০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৩৭ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩৩ বার কমানো হয়েছে।
স্বর্ণের দাম কমার পাশাপাশি দেশের বাজারে স্বস্তি এসেছে রুপার দামেও। ভরিতে ১১৭ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা করা হয়েছে। রুপার বাজারে চলতি বছরে এখন পর্যন্ত ৪১ বার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২২ বার দাম বেড়েছে এবং বাকি ১৯ বার কমেছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








