বিদ্যুতের দাম বাড়বে কি না, সিদ্ধান্ত বুধবার

ছবি- সংগৃহীত
বিদ্যুতের দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে আগামীকাল বুধবার সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মূল্যবৃদ্ধি সংক্রান্ত গণশুনানি শেষ হওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় কমিশন এ বিষয়ে আদেশ জারির দিন নির্ধারণ করেছে। সংশ্লিষ্টদের ধারণা, পাইকারি, খুচরা ও সঞ্চালন—তিন পর্যায়েই বিদ্যুতের দাম বাড়তে পারে।
বিইআরসি সূত্রে জানা গেছে, গত ২০ ও ২১ মে অনুষ্ঠিত গণশুনানির ওপর ভিত্তি করে বুধবার বিকেলে কমিশনের চূড়ান্ত আদেশ ঘোষণা করা হবে। এর আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয়। এতে বিদ্যুতের বর্তমান পাইকারি দামের তুলনায় ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হতে পারে।
এদিকে সম্প্রতি সরকার পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়িয়েছে। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস তেলের দামও গত মাসে লিটারপ্রতি ১৯ টাকা বাড়িয়ে ১১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির এই প্রেক্ষাপটে বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ ভোক্তাদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সর্বশেষ ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি নির্বাহী আদেশের মাধ্যমে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল। এরপর থেকে উৎপাদন ও সরবরাহ ব্যয় বৃদ্ধির যুক্তিতে বিদ্যুৎ খাতের বিভিন্ন সংস্থা নতুন করে মূল্য সমন্বয়ের দাবি জানিয়ে আসছে।
লোকসানের কারণ দেখিয়ে দেশের বিভিন্ন বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানও খুচরা পর্যায়ে দাম বৃদ্ধির আবেদন করেছে। এর মধ্যে ডেসকো ৯ দশমিক ৬৭ শতাংশ, ডিপিডিসি ৬ দশমিক ৯৬ শতাংশ, ওজোপাডিকো ১০ শতাংশ এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ৫ দশমিক ৯৩ শতাংশ মূল্যবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এছাড়া নেসকো ও বিপিডিবি ইউনিটপ্রতি নির্দিষ্ট পরিমাণ মূল্য বৃদ্ধির আবেদন করেছে।
অন্যদিকে দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পিজিসিবি সঞ্চালন চার্জ ইউনিটপ্রতি ৩০-৩১ পয়সা থেকে বাড়িয়ে ৪৮-৪৯ পয়সা করার প্রস্তাব দিয়েছে।
বিদ্যুৎ খাতের সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানির দাম বৃদ্ধি, উৎপাদন ব্যয় ও সরবরাহ ব্যবস্থার খরচ বেড়ে যাওয়ায় মূল্য সমন্বয়ের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। তবে ভোক্তা অধিকার সংগঠনগুলোর দাবি, বিদ্যুতের দাম বাড়ানো হলে তা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে এবং শিল্প উৎপাদনেও নেতিবাচক প্রভাব ফেলবে।
সব মিলিয়ে বিদ্যুতের নতুন মূল্য নির্ধারণে বিইআরসির সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে দেশের ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও সাধারণ গ্রাহকরা। বুধবারের ঘোষণার পরই স্পষ্ট হবে বিদ্যুতের দামে নতুন কোনো পরিবর্তন আসছে কি না।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








