বিদ্যুৎ সাশ্রয়ের প্রযুক্তি শিখতে রাসিক প্রশাসকের ফ্রান্স সফরের আবেদন

ছবি- সংগৃহীত
বিদ্যুৎসাশ্রয়ী সড়কবাতি প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জনের লক্ষ্যে ১১ দিনের সফরে ফ্রান্স যেতে অনুমতি চেয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও একজন নির্বাহী প্রকৌশলী।
সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সিগনিফাই বাংলাদেশের আমন্ত্রণে রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট আগামী ২০ থেকে ৩০ জুন পর্যন্ত ফ্রান্স সফর করবেন। সফরকালে তারা সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন (ওলাক) সেন্টার পরিদর্শন করবেন এবং সড়কবাতির নতুন বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করবেন।
এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি আদেশ জারির জন্য মন্ত্রণালয়ের কাছে আবেদন জানানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আমন্ত্রণ পাওয়ার পরই সফরের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। এখন এ বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সিটি করপোরেশন।
এদিকে সম্প্রতি মশক নিধনসংক্রান্ত কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কয়েকজন কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব অনুমোদন না দেওয়ার ঘটনায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। সে প্রেক্ষাপটে রাসিক কর্মকর্তাদের ফ্রান্স সফরের আবেদনও জনমনে আগ্রহের সৃষ্টি করেছে।
তবে রাসিকের পক্ষ থেকে বলা হয়েছে, প্রস্তাবিত সফরের মূল উদ্দেশ্য আধুনিক ও বিদ্যুৎসাশ্রয়ী সড়কবাতি প্রযুক্তি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন এবং তা নগর অবকাঠামো উন্নয়নে কাজে লাগানোর সম্ভাবনা যাচাই করা।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








