বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আগামী ৩ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে ৪ জুন থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যার ফলে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। সোমবার (১ জুন,২০২৬) রাতে আবহাওয়া অফিসের চার দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে এই মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। (২ জুন,২০২৬) সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এরপর ৪ জুন থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিধি আরও বাড়বে. এ সময় ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। ৫ জুন থেকেও দেশের বিভিন্ন বিভাগে এই বৃষ্টির ধারা বজায় থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির প্রভাবে আগামী কয়েক দিনে দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৩ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।

প্রাইমটিভি/বিএম